
ফাতেহ ডেস্ক
ইসরায়েলের পশ্চিম তীরে বসবাসরত দখলদার ইহুদিদের আক্রমণে এক ফিলিস্তিনি নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজেরাই এই খবর জানিয়েছে।
আইডিএফ জানায়, শনিবার রামাল্লাহ শহরের পূর্বে অবস্থিত আল মুঘাইর গ্রাম এবং আদেই আল ইহুদি ফাঁড়ির মাঝামাঝি এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হামদি নাসান (৩৮) নামে এক ফিলিস্তিনি নিহত হন। তিনি চার সন্তানের বাবা ছিলেন।
আইডিএফ আরও জানায়, বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলের বসবাসকারীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইডিএফ এবং ইসরায়েলের সীমান্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
