
ফাতেহ ডেস্ক
প্রতারণার অভিযোগে প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন প্রাণ বেভারেজ ইন্ডিয়া লিমিটেডের পরিচালক একজন রাজেশ ঘোষ এবং শীর্ষ কর্মকর্তা বিধান কীর্তনিয়া। গত ২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউন এলাকায় প্রাণের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দুজনেই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে সিআইডি। তবে বিদেশি নাগরিক গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারিভাবে বিবৃতি দেয়ার নিয়ম থাকলেও সিআইডি তা দিতে রাজি হয়নি। এমনকি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
এ ব্যাপারে জানতে প্রাণ বেভারেজের ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ‘রোববার সাপ্তাহিক ছুটির দিন’ বলে মন্তব্য করতে রাজি হননি।
সিআইডি সূত্রের বরাত দিয়ে ভারতীয় টেলিঠিশন এবিপি আনন্দ জানিয়েছে, গ্রেপ্তার দুজন বাংলাদেশি নাগরিক। কয়েকদিন আগে তাদের বিরুদ্ধে লটারি সংস্থার নামে প্রতারণার একটি লিখিত অভিযোগ স্থানীয় এগরা থানায় জমা পড়েছে।
এরপর অভিযোগের তদন্তে নামেন সিআইডি কর্মকর্তারা। তারা জানতে পারেন, লটারির নামে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে টাকা তোলা হয়। এরপর সেই টাকা হুন্ডির মাধ্যমে দুবাই ও পাকিস্তানে পাঠানো হয়। এ প্রতারক চক্রের সঙ্গে প্রাণের ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা জড়িত। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।
