
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে।
গতকাল সোমবার তিনি আরো বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে মিয়ানমারকে। এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন, এখনো রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয় নি। হেনরিয়েটা ফোরে এদিন মিয়ানমারের রাজধানী ন্যাপিড’তে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের শিশুরা প্রতিবেশী বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে বিপজ্জনক ও প্রায় আশাহীন অবস্থায় বসবাস করছে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধদের নৃশংস নির্যাতনের পর থেকে কমপক্ষে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এমন হিসাব জাতিসংঘের এজেন্সিগুলোর। আরো কয়েক লাখ রোহিঙ্গা এখনও রয়ে গেছেন রাখাইনে।
