যেভাবে পরিচালনা হতে পারে বিশ্ব ইজতেমা

মুসান্না মেহবুব

আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার কার্যনির্ধারণ ও নিরাপত্তা বিধান নিশ্চিত করণ উপলক্ষে ৩ ফেব্রুয়ারি সাদগ্রুপ ও আলেমপন্থী উভয় পক্ষের সমন্বয়ে মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, বৈঠকটি অনুষ্ঠানের ব্যাপারে ভেতরে ভেতরে সিদ্ধান্ত হলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি এখনও।

আলেমপন্থী তাবলিগিদের সাথি ওয়াসিফ আমিন জানিয়েছেন, অনুষ্ঠেয় বৈঠকে ইজতেমার বয়ান ও নজম কীভাবে পরিচালিত হবে, ইজতেমা শেষে জামাত কীভাবে বেরোবে ইত্যাদি অস্পষ্ট বিষয়গুলোর সুরাহা করা হবে প্রশাসনের মধ্যস্থতায়। এ বিষয়ে আলেমদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাবনাও থাকবে বলে জানান তিনি।

আলেমদের প্রস্তাবনায় কী কী বিষয় রাখা হচ্ছে জানতে চাইলে তাবলিগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, মৌলিকভাবে আমাদের প্রস্তাবনায় থাকবে, যেহেতু বিগত বছরগুলোতে ইজতেমার মাঠ আমাদের তত্ত্বাবধানে ছিল, তাই আমরা নজমের ক্ষেত্রে আমাদের প্রাধান্য দেওয়ার জন্য বলব। তাছাড়া মাওলানা ইবরাহিম দেউলাসহ বিদেশি মুরব্বিদের আমরা আনার চেষ্টা করব৷ কিন্তু নিজামুদ্দিনের কোনো গ্রুপ ইজতেমার কাজে অংশগ্রহণ করলে তাঁরা আসতে চাইবেন না। কারণ, এই গ্রুপ অতীতে যেখানেই থেকেছে তাঁদের সঙ্গে, সেখানেই ‘ফাসাদ’ সৃষ্টি করেছে। এ জন্য তাঁদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন তাঁরা। তাই আমরা চাইব নিজামুদ্দিন থেকে সাদ সাহেব তো ননই, তাঁর অনুসারী কোনো গ্রুপও যেন ইজতেমায় না আসে।

কিন্তু ইতিমধ্যেই ওয়াসিফ সাহেবের নেতৃত্বে একটা প্রতিনিধিদল নিজামুদ্দিনে সফররত আছে। তাঁরা কী ফয়সালা নিয়ে আসেন সেখান থেকে তা ভাবনার বিষয়। যদি একান্তই তাঁরা নিয়ে আসতে চান তাহলে আমাদের দাবি থাকবে, আমরাও শুরার বড় হজরতদের আনব না, তাঁরাও যেন নিজামুদ্দিন থেকে কাউকে না আনেন। ইজতেমার বয়ানের কাজ চালানো হবে বাংলাদেশি ও আরব জামাতের মুরব্বিদের দিয়ে।

আলেমদের এই সূত্র আরও জানিয়েছে, এ দাবিও যদি সাদপন্থীরা মানতে না চান, তারপরও একটা বোঝাপড়ার মধ্য দিয়ে তাঁরা ইজতেমা করবেন, যেহেতু উভয়পক্ষের মধ্যে একটা সমোঝতা হয়েছে এবং তাঁরা কথা দিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠু একটি ইজতেমার আয়োজনে সর্বাত্মক চেষ্টা করবেন।

আগের সংবাদসংসদ নির্বাচন ১০ বছর পর পর করার প্রস্তাব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-নেতার
পরবর্তি সংবাদইজতেমায় ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন উলামায়ে কেরাম