সৌদিতে বাংলাদেশি গাড়িচালককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাসী এক বাংলাদেশী যুবককে সৌদি আরবে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আনোয়ার হোসেন (৪২)।

তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। দুই সন্তানের জনক আনোয়ার সৌদি আরবে গাড়ি চালাতেন। বুধবার আল জুবাইল শহরের ২০ কিলোমিটার দূরে মরুভূমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে দেশটির পুলিশ।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ই ফেব্রুয়ারী দেশে আসার কথাছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশী আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ। আর এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

এইচআর/

আগের সংবাদময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত
পরবর্তি সংবাদবইমেলায় লেখক-প্রকাশকদের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা