
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আসাম রাজ্যে জনতার গণধোলাইয়ের শিকার হলেন সেখানকার এক বিজেপি-নেতা। কথিত ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরিত হওয়া হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুতে রাস্তায় ফেলে তাকে পেটানো হয়েছে।
সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আর ভিডিও দেখেই কয়েকজন হামলাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। খোঁজ চলছে আরও কয়েকজনের।
নাগরিকত্ব বিলের বিরোধিতায় গোটা উত্তরপূর্বাঞ্চলেই বিক্ষোভ-হরতাল-প্রতিবাদ চলছে। আর গত কয়েকদিনের মধ্যে নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে এ নিয়ে অসমীয়া জাতীয়তাবাদী শক্তিগুলির সঙ্গে বিজেপির এটি দ্বিতীয় সরাসরি সংঘাতের ঘটনা।
বুধবার তিনসুকিয়া জেলার বিজেপি সভাপতি লখেশ্বর মোরান যখন নাগরিকত্ব বিল কেন প্রয়োজনীয় – সেটা বোঝাতে এক সভায় হাজির হয়েছিলেন, তখনই বিলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন হাজার তিনেক মানুষ। কালো পতাকাও দেখানো হয়।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, হঠাৎ একদল বিক্ষোভকারী রীতিমতো ধাওয়া করা হয় ওই বিজেপি নেতাকে। কিল চড় চলতে থাকে। কেউ তার চুল টেনে দেয়, অন্য কেউ ধাক্কা দিতে থাকে।
এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। তারপরে ঢিলও মারা হয়। প্রথমবার উঠে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আবারও পড়ে যান তিনি।
গোটা সময়টা বিক্ষোভকারীরা কালো পতাকা ধরে থাকেন মি. মোরানের সামনে, চলতে থাকে স্লোগান।
রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এইচআর/
