
ফাতেহ ডেস্ক
মাদক ব্যবসায় পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, দোষ প্রমাণ হলে দেয়া হবে বিভাগীয় শাস্তিও। বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে কর্মক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকার জন্য দেয়া হয় আইজি ব্যাজ। এ বছর ৫১৪ জন পুলিশ সদস্যকে এই ব্যাজ দেয়া হয়েছে।
পরে আইজিপি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একে মোকাবেলা করতে হবে সামাজিকভাবে। এসময় তিনি আরো বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আইজিপি বলেন, যেখানেই মাদক আছে সেখানেই আছে অবৈধ অস্ত্র। তাই মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে তৎপরতা বাড়াতে হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মাদক মামলা হয়েছে এক লাখ ১২ হাজার। গ্রেপ্তার হয়েছে দেড় লাখ। এছাড়া, এক হাজার ৬৩৯ কোটি ৭০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
