লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে গৃহবধু নিহত

ফাতেহ ডেস্ক

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে নিহত হয়েছেন শিল্পী আক্তার নামে এক গৃহবধু। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধু কুমিল্লার লালমাই উপজেলার আবদুল জাব্বারের মেয়ে।

বুধবার দুপুরে শ্বশুর বাড়ির লোকজন এ ঘটনা ঘটায়। আজ ভোরে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতা এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে গৃহবধুর দেবর নিরব হোসেন,শ্বশুর মোসলেম মিয়া ও শাশুড়িসহ তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সকালে সদর থানায় এ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে শিল্পী আক্তারকে তার দেবর নিরব হোসেন পানি দিতে বলে। এ সময় গৃহবধু বাড়ির পুকুরে কাজ করছিলেন। পরে পুকুর পাড়ে গিয়ে শিল্পী আক্তারকে দেবর নিরব হোসেন পানি দিতে দেরী হওয়ার বিষয়টি জিজ্ঞাসা করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে এবং তলপেটে লাথি মেরে হত্যা করে পুকুরপাড়ে ফেলে পালিয়ে যায় দেবর নিরব হোসেন। এ সময় বাড়ি থেকে গৃহবধুর শ্বশুর-শাশুড়িও পালিয়ে যায়।

এদিকে স্থানীয় এলাকাবাসী সন্ধ্যায় পুকুরপাড়ে গৃহবধুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোররাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই আমির হোসেন জানান, গত ৬ বছর আগে তার বোনকে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতা এলাকার মোসলেম মিয়ার ছেলে হারুনুর রশিদের কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে তারা কুমিল্লায় বসবাস করতের। গত দেড় বছর আগে তার বোনকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে হারুন। হারুন কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে।

কিন্তু ঘটনার দিন হারুন বাড়িতে ছিল না। তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নিহতের ভাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হত্যাকান্ড। এ ঘটনায় তিনজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এইচআর/

আগের সংবাদময়মনসিংহে স্কুলছাত্রীকে গণধর্ষণের কারণে গ্রেপ্তার পলিটেকনিক শিক্ষার্থী
পরবর্তি সংবাদমাওলানা তারিক জামিল বয়ান করবেন এবারের ইজতেমায়?