
বিশেষ প্রতিবেদক
টঙ্গীর তুরাগ তীরে ভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগের বিবদমান দুই পক্ষ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি অবধি দুদিন দুদিন করে মোট চারদিনে আলাদা আলাদাভাবে ইজতেমা করবে।
দুই পক্ষই যার যার ইজতেমা শেষে আখেরি মোনাজাত করবে। আলেমপন্থী তাবলিগিরা প্রথম দুদিন ইজতেমা শেষ করে ১৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে আখেরি মোনাজাত করবেন। তারপর ওই তারিখ রাতের ভেতরেই তাঁরা ময়দান খালি করে দেবেন।
১৭ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ানের মাধ্যমে শুরু হবে সাদপন্থীদের ইজতেমা। তাঁরা ১৮ তারিখ রাতের ভেতর আখেরি মোনাজাত করে মাঠ খালি করে দেবেন।
দুই পক্ষই আলাদা আলাদাভাবে আখেরি মোনাজাত করবে। তবে মোনাজাত কে করবেন সে ব্যাপারে এখনও কোনো পক্ষই সিদ্ধান্ত নেয়নি। আলেমপক্ষের একটি সূত্র জানিয়েছে তাদের পক্ষের ইজতেমা শুরুর দিন মশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হবে, আলেমপন্থী ইজতেমার আখেরি মোনাজাত কে করবেন। সাদপন্থীরাও অনুরূপ তাদের ইজতেমা শুরু হওয়ার পর তাদের মুরব্বিদের বিশেষ মশওয়ারার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন।
