
ফাতেহ ডেস্ক
বিনাদোষে জাহালমের তিন বছরের কারাবাসের পেছনে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আর আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বাস, এ ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুদক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তারা।
২০১০ সালে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ ওঠে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে তার নামে ৩৩টি মামলা করে দুদক। তবে সালেকের সঙ্গে চেহারায় মিল থাকায় গ্রেপ্তার হন জাহালম। মামলা চলার সময় এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ায় হাইকোর্টের আদেশে তিন বছর পর মুক্তি পান তিনি।
এ ঘটনাকে দুঃখজনক বলে, আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, তার বিশ্বাস এই ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুদক।
জাহালম মুক্তি পেলেও এখনও অনেক প্রশ্নের উত্তর রয়েছে অমীমাংসিত। তবে যাদের কারণে তাকে তিন বছর কারাগারে থাকতে হলো তাদের খুঁজে বের করে বিচারের আওয়ায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কারাগারে থাকা শারীরিকভাবে সক্ষম নয় এমন আসামিদের মুক্তি দিতে তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
