ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২৫ পদে ভোট ১১ মার্চ

ফাতেহ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচনে ২৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ মার্চ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। তিনি জানান, আজই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের তফসিল।

তফসিলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। তিনি জানান, ১১ মার্চ নিজ নিজ হল-এ সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি। প্রার্থীতা যাচাইবাছাই শুরু হবে ২৬ তারিখ দুপুর ২ টার পর।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ মার্চ।

গত ২৯ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সবশেষ ১৯৯০ সালের ৬ জুলাই হয়েছিলো ডাকসু নির্বাচন।

আগের সংবাদহুইল চেয়ারে করে সংসদে এরশাদ
পরবর্তি সংবাদখাশোগির মরদেহ কোথায় জানে না রিয়াদ: সৌদি পররাষ্ট্রমন্ত্রী