রোগীর পেটে কাঁচি রেখেই অপারেশন শেষ

ফাতেহ ডেস্ক

এক নারী রোগীর পেটে একটি সার্জিক্যাল কাঁচি রেখেই অপারেশন শেষ করেছেন ডাক্তার। অপারেশনের তিন মাস পর এক্সরে-তে ধরা পড়ে এটি। কিন্তু এই সময়ে ৩৩ বছর বয়সী নারীকে অসহ্য যন্ত্রণায় ভুগতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এনআইএমএস) হাসপাতালে।

এনডিটিভির খবরে বলা হয়, এনআইএমএস হাসপাতালে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে যান ওই নারী। এরপর থেকে তার পেটে যন্ত্রনা শুরু হয়। সেই যন্ত্রণা ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে, ফের একই হাসপাতালে যান তিনি। এরপর যন্ত্রণার কারণ খুঁজতে এক্স-রে করানো হয়। তাতে দেখা যায়, পেটের মধ্যে অপারেশনের একটি কাঁচি রয়ে গেছে।

গতকাল রোববার সকালে ওই রোগীকে দ্বিতীয়বার অস্ত্রোপচার করে সেই কাঁচিটি বের করা হয়। এ ঘটনায় এনআইএমএস হাসপাতালে তোলপাড় চলছে।

বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক কে মনোহর দুঃখ প্রকাশ করে বলেন, ‘ওই নারীর পেট থেকে কাঁচি বের করা হয়েছে। অনাকাংক্ষিত এ ঘটনায় জড়িত ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ ঘটনায় সংশ্লিষ্ট দুজন চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী।

আগের সংবাদরাখাইনে সেনাবাহিনীর আইন লঙ্ঘন, প্রমাণ হাতে আছে অ্যামনেস্টির
পরবর্তি সংবাদ৮৭ উপজেলায় মনোনয়নপত্র জমা শেষ