পাকিস্তানের সব পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

ফাতেহ ডেস্ক

পুলওয়ামা হামলার জেরে পাকিস্তান থেকে আসা সব পণ্যের ওপর আমদানি শুল্ক ২০০ শতাংশ বাড়িয়েছে মোদি সরকার। অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটে শুল্কারোপের সিদ্ধান্ত জানান।

এর আগে কাশ্মীর হামলার পর পাকিস্তানকে দেয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমাও ফিরিয়ে নেয় ভারত। হামলার পর জম্মু কাশ্মীরে নেমে এসেছে স্থবিরতা। ৫ বিচ্ছিন্নতাবাদি নেতাকে দেয়া নিরাপত্তা প্রত্যাহার করেছে স্থানীয় সরকার।

জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে বোমা হামলায় দিল্লি-ইসলামাবাদ উত্তেজনা বাড়ছে। পাকিস্তানকে কোণঠাসা করতে এবার বাণিজ্যকে হাতিয়ার বানালো দিল্লি।

অর্থমন্ত্রী অরুণ জেটলি এক টুইটে জানিয়েছেন, এখন থেকে পাকিস্তান থেকে ভারতে আসা সব পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ছে। দুই দেশের মধ্যে বছরে প্রায় দুইশো কোটি ডলারের ব্যবসা হয়। পাকিস্তান থেকে চামড়া, ফল, সিমেন্ট ও রাসায়নিক দ্রব্য সহ নানা পণ্য আমদানি করে ভারত। এবার তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে পাকিস্তানকে।

পুলওয়ামা কাণ্ডের ৪৮ ঘণ্টা না পেরোতেই, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভারতের এক সেনাকর্মকর্তা। লাইন অব কন্ট্রোল থেকে ভারতের প্রায় দেড় কিলোমিটার ভেতরে পেতে রাখা হয়েছিলো বোমাটি। এটি পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কাজ বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

এছাড়া সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ নিয়ে কাজ করা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের তালিকাভূক্ত করা হয়েছে পাকিস্তানকে। পুলওয়ামা হামলার জেরে করাচি আর্ট কাউন্সিল আয়োজিত লিট কনফারেন্সের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ভারতের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমি।

ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি সঙ্গিত শিল্পীদের অংশগ্রহণ বন্ধের দাবি জানিয়েছে রাজ ঠাকরের ডানপন্থী দল মহারাষ্ট্র নবনির্মান সেনা। নিহত ৪০ সেনার প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি দেয়ার কথা জানিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।

আগের সংবাদকুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
পরবর্তি সংবাদজামায়াত সরে গেলে ঐক্যফ্রন্ট-বিএনপি উপকৃত হবে