
ফাতেহ ডেস্ক
দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই ভেড়ামার্কেট বস্তিতে ভয়াহব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যাওয়া ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন। আগুনে বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, নিহত ৮ জনের মধ্যে দুই পরিবারের সাত জন সদস্য রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শ্রমজীবী এ সব মানুষ ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন এবং আগুনে পুড়ে মারা যান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। পরে ঘটনাস্থল থেকে অন্তত আট জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নির্ধারণে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
