
ফাতেহ ডেস্ক
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে ৬৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে।
গতকাল সোমবার ভোরে নগরীর রাজপাড়া থানার চৈতিরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
রাতেই ওই নারী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ওই দুই যুবকে গ্রেফতার করে। তারা হলেন- নগরীর শাহ মখদুম থানার খিরশিন টিকর এলাকার বাবুর ছেলে তুষার আলী (১৯) এবং সিলিন্দা এলাকার জহিরুলের ছেলে শিমুল হাসান (১৯)।
এদের মধ্যে তুষার ধর্ষণের কথা স্বীকার করে আজ মঙ্গলবার আদালতে জবানবন্দী দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার রাতে তুষার ও শিমুল নগরীর চৈতিরবাগান এলাকায় পুকুর পাড়ে যায়। এরপর সোমবার ভোরে বৃদ্ধকে ঘরের মধ্যে বেঁধে রেখে তার বৃদ্ধা স্ত্রীকে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর চলে যায় দুই যুবক।
ওই দুই যুবক ছিনতাইসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। ওসি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর পরীক্ষা সম্পন্ন হয়েছে।
