চমকে দিয়ে দিল্লিতে সৌদি যুবরাজ

ফাতেহ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সংঘাত নিয়ে পাকিস্তানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যে দেশ দুটি সফরে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি প্রথমে পাকিস্তান সফর শেষে রিয়াদে ফিরে আবার ভারত সফরে মঙ্গলবার রাতে নয়াদিল্লি পৌঁছান। এ সফরে যুবরাজ পাক-ভারত উত্তেজনা প্রশমন করে সমঝোতার ক্ষেত্রে ‘চমক’ দেখাবেন বলে মনে করছে সৌদি আরব।

এক দিনের সফরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টার দিকে দিল্লির পালাম বিমানঘাঁটিতে পৌঁছান মোহাম্মদ বিন সালমান। এ সময় তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে সৌদি যুবরাজের ২৪ ঘণ্টার পাকিস্তান সফর শেষে সোমবার নয়াদিল্লি পৌঁছার কথা ছিল। কিন্তু তিনি সেটি না করে রিয়াদে ফিরে যান এবং মঙ্গলবার রাতে আবার ভারতে আসেন। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদলের ঘটনা নিয়ে পাকিস্তান ও ভারতের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, কাশ্মির ইস্যুতে পাক-ভারত সম্পর্ক ভালোভাবেই উপলব্ধি করেছে রিয়াদ। দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা এড়াতেই সৌদি যুবরাজ পাকিস্তান থেকে ভারতে আসার সিদ্ধান্ত বদল করেছেন।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, কাশ্মির ইস্যুর সংবেদনশীলতা উপলব্ধি করেছেন সৌদি যুবরাজ। এ জন্যই তিনি ভারত সফর বাতিল করে দেশে ফিরে যান। সফরের সিদ্ধান্ত বদলের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

ভারত সফর শেষ করে আরেক মিত্র চীন সফর যাবেন সৌদি যুবরাজ। এর মধ্য দিয়ে সৌদি যুবরাজের দক্ষিণ এশিয়া সফর শেষ করবেন বলে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদ৫০০ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে আমিরাত
পরবর্তি সংবাদদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী