দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

ছয়দিনের জার্মান ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার সকাল ৬টা ২৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের জার্মান সফর শেষে রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে দেশটির রাজধানী আবুধাবিতে ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স-২০১৯)-তে যোগ দেন।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাতের নেতৃবৃন্দের মধ্যে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে গত ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি)-২০১৯-এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় হোটেল শেরাটনে তাকে সংবর্ধনা দেয় জার্মানিতে বাংলাদেশ মিশন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রথমবারের মতো বিদেশ সফরে জার্মাানি যান তিনি।

আগের সংবাদচমকে দিয়ে দিল্লিতে সৌদি যুবরাজ
পরবর্তি সংবাদপ্রতীক পেয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা