
ফাতেহ ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি পাকিস্তানে হামলা করেন তাহলে সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ।
তিনি বলেছেন, ‘পুলওয়ামায় হামলায় নিহত সেনাদের হত্যা বা কাশ্মিরীদের জন্য নরেন্দ্র মোদির কোনো প্রকৃত আবেগ নেই। যদি থাকতো তাহলে তিনি আগে কাশ্মির সমস্যার সমাধান করতেন।’
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ভারত অধ্যুষিত কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ হামলায় ৪৯ জন সেনা সদস্য নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর তিনি এমন মন্তব্য করেন। গত ১৪ ফেব্রুয়ারির ওই ঘটনায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ করেছে ভারত। যদিও পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইন্ডিয়া টুডের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, পুলওয়ামার ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জন্য কূটনৈতিক পদক্ষেপ নেয়া প্রসঙ্গে জেনারেল মুশাররফ বলেন, এতে কিছুই হবে না। পাকিস্তানের অর্থনীতি সঠিক পথে চলেছে এবং যদি তাদের কালো তালিকাভুক্ত করা হয় তাহলে তারা মরে যাবে না।
পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে এক জনসভায় দেয়া ভাষণে ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, ‘আপনাদের হৃদয়ে যে আগুন জ্বলছে, আমার হৃদয়েও সেই আগুনই জ্বলছে।’
কিন্তু জেনারেল মুশাররফের মতে, প্রধানমন্ত্রী মোদির অন্তরে কোনো আগুন নেই, এর চেয়েও বেশি তার হৃদয়ে আছে যখন কাশ্মিরীরা মারা যায়, পেলেট বিদ্ধ হয়। কাশ্মিরে সমস্যার সমাধান না হলে এসব বন্ধ হবে না বলেও জেনারেল মুশাররফ মন্তব্য করেন।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি ৪০ বছর ধরে সেনাবাহিনীতে ছিলাম এবং পুলওয়ামাতে নিহত সেনাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। তাদের পরিবারের জন্য আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। ১৯৭১ সালের যুদ্ধে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু হারিয়েছি। আমি স্বজন হারানোর ব্যথা জানি।’
যুদ্ধের পরিণতি কী হয় এবং পরিবারে কী হয় তা আমি জানি বলেও মন্তব্য করেন জেনারেল পারভেজ মুশাররফ।
