সৌদি কারাগারে মানবাধিকারকর্মী ও আলেম বন্দীদের অনশন

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজকীয় রোষানলের শিকার হয়ে অসংখ্য আলেম এবং মানবাধিকারকর্মী দেশটির বিভিন্ন কারাগারে বন্দী জীবন যাপন করছেন। তাঁদেরই একজন আবদুল্লাহ বিন হামেদ আল হামেদ। ধর্মপ্রচার ও মানবাধিকার বিষয়ে কাজ করতেন তিনি৷ রাষ্ট্রীয় রোষানলের শিকার হয়ে এখন পার করছেন নির্মম বন্দীজীবন।

সম্প্রতি তিনি কারাগারের ভেতর অনশন ধর্মঘট শুরু করলে তাঁর সঙ্গে শামিল হন অন্যান্য বন্দীগণও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক লেখালেখি করছেন সৌদি নাগরিকরা। আর এ থেকে প্রতীয়মান হয়, সৌদি কারগারগুলোতে বন্দী এসব দাঈ ও মানবাধিকারকর্মীর জন্য সৌদি নাগরিকদের কতটা উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ব্যাপারে কথা বললেও বিতর্কিত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন বর্তমান সৌদি সরকার কারও কথাই কানে তুলছে না।

রাজপরিবার ও যুবরাজের গর্হিত বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার কারণেই তাঁদেরকে বন্দীত্ব বরণ করতে হয়েছে। তাছাড়া সৌদি যুবরাজ যাকেই নিজের ক্ষমতাচর্চার পথে কাঁটা মনে করেছেন তাঁকেই যেকোনো অজুহাতে কিংবা কখনও কখনও কোনো ধরনের অজুহাত ছাড়াই পুরেছেন জেলে। এ নীতি এখনও অব্যাহত আছে। ফলে বিবেকবান ও সচেতন সৌদি নাগরিকগণ শাসরুদ্ধকর দুঃসহ এক সময় পার করছেন বর্তমানে।

গালফ বাংলা অবলম্বনে লিখেছেন হামমাদ রাগিব

আগের সংবাদউইঘুর-মুসলিমদের ওপর চীন সরকারের নিপীড়নকে সরাসরি সমর্থন করলেন বিতর্কিত সৌদি যুবরাজ
পরবর্তি সংবাদকাশ্মীরে অভিযান চালাতে গিয়ে নিহত হলেন ভারতীয় পুলিশ ও সেনাবাহিনীর দুই অফিসার