উড়োজাহাজ ছিনতাই-চেষ্টাকারীর পরিচয় উদ্ধার

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নিহত উড়োজাহাজ ছিনতাই-চেষ্টাকারীর নাম পলাশ আহমেদ। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুরে। পলাশ তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব জানায়, বিমানের যাত্রী তালিকা অনুযায়ী পলাশ ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রী ছিল। তবে, সে উড়োজাহাজটি কেন ছিনতাই করতে চেয়েছিল তা এখনও স্পষ্ট নয়। রোববার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আট মিনিটের কমান্ডো অভিযানে নিহত হয় ছিনতাই চেষ্টাকারী পলাশ। ভোরে ময়নাতদন্তের জন্য পলাশের মরদেহ চট্টগ্রাম মেডিকেলে নেয় পুলিশ।

এদিকে, ওই বিমানে থাকা দুবাইগামী যাত্রীদের কিছুক্ষণের মধ্যে বিশেষ ফ্লাইটে গন্তব্যে পাঠানো হচ্ছে। আর উড়োজাহাজটি কারিগরি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে রাখা হয়েছে।

গতকাল রাত দশটা থেকেই স্বাভাবিক শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম। রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটি চট্টগ্রামে নামার আগে অস্ত্র উঁচিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপরই চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

আগের সংবাদকাশ্মীরে অভিযান চালাতে গিয়ে নিহত হলেন ভারতীয় পুলিশ ও সেনাবাহিনীর দুই অফিসার
পরবর্তি সংবাদএসএসসি পরিক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ