বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে নিহত পলাশকে পারিবারিক কবরস্তানে দাফন

ফাতেহ ডেস্ক

দুদিন ধরে আলোচনার টেবিলে ঝড়-তোলা বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুরের দুধঘাটায় তাকে দাফন করা হয়।

এর আগে পলাশের বাবা পিয়ার জাহান সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। শনাক্তের পর যাচাই-বাছাই শেষে তিনি লাশ গ্রহণ করেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে পলাশের মরদেহ নিয়ে নারায়ণগঞ্জে পৌঁছান তিনি। এরপর ৯টার দিকে জানাজা শেষে পলাশকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পলাশের বাবা পিয়ার জাহান জানান, ছেলের লাশ দেখা বা গ্রহণ করার কোনো ইচ্ছা তার ছিল না। স্বজনদের চাপে ও প্রশাসন তাকে ডাকায় সোমবার রাতে তিনি লাশ নিতে চট্টগ্রামে যান।

এর আগে সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পলাশের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ। পরে সেনাবাহিনীর সদস্যদের ৮ মিনিটের কমান্ডো অভিযানে পলাশ নিহত হন।

এইচআর/

আগের সংবাদ‘চকবাজার ট্রাজেডির দায় সরকারে যারা আছেন সকলকেই নিতে হবে’
পরবর্তি সংবাদভারতে ধর্ষণের অপরাধে কুরআনের বিধান চালু হচ্ছে