কাশ্মিরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ফাতেহ ডেস্ক

কাশ্মিরের বুদগম জেলায় গেরেড কালান গ্রামের কাছে একটি খোলা মাঠে দেশটির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এবং ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডন্ট এ খবর দিয়েছে। খবরে বলা হয়, জেট বিমানটির দুটি ডানা ভেঙ্গে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন লেগে যায়।

বলা হচ্ছে, সাইট ক্র্যাশের পাশে এক পাইলটের লাশ দেখা গেছে। তবে তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভারত অভিযোগ করেছে, দেশটির নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজৌরি ও নওশেরা সেক্টরের আকাশসীমায় পাকিস্তানি জঙ্গিবিমান অনুপ্রবেশ করেছে। আরো পাকিস্তানি হামলার আশঙ্কায় কাশ্মিরের রাজৌরিতে সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের দুই পক্ষের অন্তত ৭ জন নিহত হয়েছে। এর মধ্যে পাকিস্তানে দুই শিশুসহ পাঁচজন এবং ভারতে দুই জন নিহত ও আহত হয়েছে পাঁচ সেনা। দুই পক্ষ এমনটাই দাবি করেছে।

ভারতীয় হামলার পর দেশের সেনাবাহিনী ও জনগণকে যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ভারত যুদ্ধ শুরু করলে নয়াদিল্লিতে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হবে।

সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হওয়ার পর দেশটির পক্ষ থেকে পাকিস্তানকে কড়া মাসুল গুনতে হবে বলে সতর্ক করে আসছে। এর মধ্যেই মঙ্গলবার ভোররাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়ে জইশ-ই-মুহাম্মদের ৩০০ সদস্যকে হত্যার দাবি করেছে ভারত। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনে ওই হামলায় একজন ব্যক্তির জখম ছাড়া আর কোনো হতাহতের সত্যতা পাওয়া যায়নি।

আগের সংবাদবান্দরবানে চাঁদের গাড়ির চালকের হাতে পর্যটক তরুণী ধর্ষিত
পরবর্তি সংবাদইডেনের সাবেক অধ্যক্ষ হত্যার প্রধান আসামি রেশমা গ্রেপ্তার