
ফাতেহ ডেস্ক
ঢাকার দুই সিটিতে নির্বাচন কাল। উত্তর সিটির মেয়র পদে এবং নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোট নির্বিঘ্ন করতে রাজধানীতে নিরাপত্তায় থাকছে আইনশৃংখলা বাহিনীর ৫০ হাজারের বেশি সদস্য। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
২২ জানুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে ও ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উত্তর ঢাকার মেয়র পদে লড়ছেন ৫ জন। উত্তরের ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৭ জন। উত্তরের নতুন ১৮ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১২৪ জন। উত্তরের সংরক্ষিত ৬ ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৪৫ নারী। দক্ষিণের ১৮ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১২৫ জন এবং সংরক্ষিত ৬ ওয়ার্ডে প্রার্থী ২৪ জন।
উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার। এর মধ্যে নতুন ১৮ ওয়ার্ডে ভোটার যোগ হয়েছে ৫ লাখ ৯০ হাজার। দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৯৬ হাজারের বেশি। দুই সিটিতে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৩০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৭৮টি।
দুই সিটিতে ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য। এছাড়াও, আচরণবিধি লঙ্ঘণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ও বিচারিক হাকিম মাঠে থাকবেন।
সিটি নির্বাচনের জন্য পহেলা মার্চ ভোর ৬টা পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটর সাইকেল চলাচল বন্ধ। রাত ১২টার পর থেকে প্রধান সড়ক বাদে অন্য সড়কে কমিশনের স্টিকারবিহীন যানবাহন চলাচল করতে পারবে না।
