
আন্তর্জাতিক ডেস্ক
মদিনা ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে সৌদি আরবে শুরু হয়েছে ৮ম সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মাহেরজান’। এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প ও দেশীয় পোশাক প্রদর্শনের আয়োজন করেন।
প্রায় ১১০টি দেশের শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করছেন। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান সম্প্রতি এ উৎসবের উদ্বোধন করেন।
মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে বাংলাদেশ স্টলের আয়োজন করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ উৎসবে যোগদেন। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন।
রাষ্ট্রদূত বলেন, এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এছাড়া সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বৃদ্ধি পাবে।
গোলাম মসীহ বলেন, সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা যোগদান করেন। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০ হাজার বিদেশী শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় চারশত জন।
