
ফাতেহ ডেস্ক
দেশের যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যানট্রি রেজিমেন্টের চার বীরকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এসময় জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
কর্মদক্ষতা, কঠোর অনুশীলন আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনফ্যানট্রি রেজিমেন্টের ৭, ৮, ৯ ও ১০ বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করতে রাজশাহী যান প্রধানমন্ত্রী। এসময় প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন তিনি।
এরপর শুরু হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানের আনুষ্ঠানিকতা। পরে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যেবক্তব্য রাখেন তিনি। এসময়, জাতির ক্রান্তি ও দুর্যোগকালে সেনাবাহিনীর অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন সরকার প্রধান।
বলেন, জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে বীররা যে মর্যাদা পেয়েছে, তা রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে তাদের প্রস্তুত থাকতে হবে।
আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গঠনে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিবাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন।
আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার দৃঢ় প্রত্যয়ী বলেও জানান প্রধানমন্ত্রী।
