
ফাতেহ ডেস্ক: ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ইসরায়েলকে ‘যুক্তরাষ্ট্রের খুনের হাত’ বলতেন। তিনি বুঝাতে চেয়েছেন, ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড ঘটে সেটা যুক্তরাষ্ট্র ঘটায় ইসরায়েলের মাধ্যমে। কারণ, যুক্তরাষ্ট্রের অস্ত্র-অর্থে এবং দেশটির প্রশ্রয়ে ফিলিস্তিনে যুগের পর যুগ দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইহুদিবাদী দেশটি।
হুগো শ্যাভেজের কথাটি আবারো প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ যুদ্ধক্ষেত্রে দেশটির আগে ব্যবহার করল ইসরায়েল। আর ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিকাম নোরকিন মঙ্গলবার সগৌরবে এই ঘোষণা দিয়েছেন।
বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের আকাশে এফ-৩৫ উড়িয়েছি। এটা আমাদের প্রায়োগিক সক্ষমতার অংশ হয়ে গিয়েছে। আমরাই প্রথম রাষ্ট্র মধ্যপ্রাচ্যে হামলায় এফ-৩৫ ব্যবহার করেছি। আমরা ইতিমধ্যে আলাদা ফ্রন্টে এই যুদ্ধবিমান দিয়ে দুইবার হামলা চালিয়েছি।’
নোরকিন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন লেবাননের রাজধানী বৈরুতের উপর দিয়ে একটি এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়নরত ছবি দেখানো হয়। তবে ছবিটি কখন তোলা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।
যুক্তরাষ্ট্র থেকে নয়টি এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার পর গত ডিসেম্বর মাসে ইসরায়েল এই যুদ্ধবিমান ব্যবহারে তাদের প্রাথমিক প্রয়োগিক সক্ষমতা অর্জনের ঘোষণা দেয়। দেশটি দুটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠনে ২০২৪ সাল নাগাদ আরও ৪১টি এফ-৩৫ সর্বাধুনিক যুদ্ধবিমান পাবে।
নোরকিন বলেন, রাডারে শনাক্ত করার সম্ভবনা খুবই কম থাকে বলে এটা ইরানের মতো শত্রুর ভূখণ্ডে অনেকটা অগোচরেই অভিযান চালাতে পারে। গত মার্চে ইরান রাশিয়ার তৈরি যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে, এই যুদ্ধবিমান সেটাকে এড়িয়েও অভিযান চালাতে পারে।
যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮০টি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হয়েছে। বিশ্বের ১৫টি ঘাঁটি থেকে এই যুদ্ধবিমান তার কার্যক্রম চালাচ্ছে।
সূত্র: নিউ চায়না
