
আন্তর্জাতিক ডেস্ক
ভারত-পাকিস্তানের চলমান এই উত্তেজনায় ভারতীয় মিডিয়ার আচরণ বহির্বিশ্বে তো হচ্ছেই, খোদ ভারতের সমঝদার শ্রেণির কাছেও তীব্রভাবে সমালোচিত হচ্ছে। উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর যেন প্রতিযোগিতা শুরু করেছিল ভারতীয় ও ভারত-নিয়ন্ত্রিত অধিকাংশ সংবাদমাধ্যম। এমনকি ভুয়া খবর ছড়ানোতেও একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছিল।
সাম্প্রদায়িকতা ছড়ানোর সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সিএনএন-নিউজ এইটিন চ্যানেলটিতে। গত শনিবার টিভি চ্যানেলটি তাদের এক অনুষ্ঠানে মুসলিমদের সবচেয়ে পবিত্র বলে বিবেচিত তিনটি মসজিদকে ‘সন্ত্রাসের কারখানা’ বলে ছবি প্রচার করে। মক্কার পবিত্র মসজিদুল হারাম, মদীনার মসজিদে নবববি এবং জেরুসালেমের মসজিদুল আকসার ছবির উপর ‘মাসউদ আজহারের টেরর ফ্যাক্টরি’ লিখে প্রচার করে চ্যানেলটি।
মাওলানা মাসউদ আজহার স্বাধীনতাকামী কাশ্মীরিদের সংগঠন জায়শে মুহাম্মদ-এর প্রধান নেতা। মুসলিমদের পবিত্রতম জায়গাগুলো নিয়ে বিদ্বেষ প্রচার করায় রিলায়েন্স গ্রুপের টিভি চ্যানেলটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড।
গতকাল এক টুইটে সিএনএন-নিউজ এইটিন-এর এই অপকর্ম তুলে ধরে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অবশ্য সাথে সাথে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি এবং তাদের একটি প্রতিবেদন থেকে এ সংক্রান্ত ছবি ও তথ্য মুছে দিয়েছে।
অন্যদিকে আরেকটি টিভি চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপক অর্নব গোস্বামী তার এক অনুষ্ঠানে ভারতের জামায়াতে ইসলামী নেতা মাওলানা জামালউদ্দিন উমরীকে ‘সন্ত্রাসী’ হিসেবে প্রচার করেন। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এ বিষয়েও ক্ষমা চাইতে আহ্বান জানায় রিপাবলিক টিভিকে।
এইচআর/
