
ফাতেহ ডেস্ক
ডাকসু নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে শাহবাগে ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ নিষেধাজ্ঞার কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ে এলাকায় যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ এ সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন আছাদুজ্জামান মিয়া।
বিশ্ববিদ্যালয়ের ৭টি জায়গায় পুলিশ ও র্যাবের ব্যারিকেড থাকবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বিশ্ববিদ্যালয়প্রসাশনকে সব সহায়তা দেবে পুলিশ।
ভোটকেন্দ্রগুলো এরই মধ্যেই সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ভোটারদের আর্চওয়ের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে হবে।
