
আন্তর্জাতিক ডেস্ক
ইসলাম ও নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক মাধ্যমে বিষোদগার করায় মালয়েশিয়ার এক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ছাড়া আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফউজি হারুন এক বিবৃতিতে বলেন, যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের ১০ অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই ব্যক্তি। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
এ ছাড়া আরও একব্যক্তি অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আগামী সোমবার তাকে নিয়ে পরবর্তী শুনানি হবে। এছাড়া দুই ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করলে জামিন মঞ্জুর না করে তাদের আটক রাখা হয়েছে।
সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট, উত্তেজনা উসকে দেয়া এবং যোগাযোগ নেটওয়ার্ক অপব্যবহার করার অভিযোগে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মোহাম্মদ ফউজি বলেন, সামাজিক মাধ্যমের অপব্যবহার না করতে জনগণকে পরামর্শ দিয়েছে পুলিশ। এ ছাড়াও ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে এমন পোস্ট না করতেও বলা হয়েছে।
