ধর্ষকদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকাল আমরা প্রায়ই দেখি শিশুধর্ষণ ও নারীধর্ষণ। এটা অত্যন্ত গর্হিত কাজ। যারা এধরনের কাজ করে , তাদের নাম-ধাম-চেহারা ভালোভাবে প্রচার করুন, নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারা এমনভাবে প্রচার করুন সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে। সমাজ থেকে যেন তাকে বয়কট করা হয়।

তিনি বলেন, আপনারা জানেন, ইতিমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা আমরা নিচ্ছি।

ধর্ষণকে বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমনকি উন্নত সভ্য দেশেও এই সমস্যাটা কিন্তু রয়েছে। এর বিরুদ্ধে আরও জনমত সৃষ্টি করা দরকার। জনসচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখতে হবে, শুধু আইন করলে সহিংসতা-বৈষম্য দূর হবে না। এজন্য সমাজে সচেতনতা সৃষ্টি করা দরকার। দেশকে গড়ে তুলতে নারী-পুরুষ সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, সমাজের অর্ধেক যেখানে নারী, তাদের বাদ রেখে একটা সমাজ কখনও গড়ে উঠতে পারে না। সে ক্ষেত্রে সকলকে এক হয়ে কাজ করা সব থেকে প্রয়োজন বলে আমি মনে করি।

শেখ হাসিনা বলেন, যে সম্মাননাই পাই না কেন, সবই আমার দেশের মানুষের। আজকে আন্তর্জাতিক নারী দিবসে যেই সম্মাননাটা পেয়েছি, সেটা আমি উৎসর্গ করে যাচ্ছি আমার বাংলাদেশের মা-বোনদের, বিশ্বের সকল নির্যাতিত নারীদের। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহারও বক্তব্য রাখেন।

এইচআর/

আগের সংবাদধর্ষণের শিকার তরুণীকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
পরবর্তি সংবাদ‘রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিরোধ’ নিষ্পত্তির মধ্যস্থতা কমিটি গঠিত