‘নিউজিল্যান্ডের হামলায় বাংলাদেশি নিহতের সংখ্যা বাড়তে পারে’

ফাতেহ ডেস্ক

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশি নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুঁইয়া। সকালে মোবাইল ফোনে এ তথ্য জানান তিনি।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ নিশ্চিত করেছেন, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ৩ জন। এছাড়া হাসপাতালে ভর্তি ৫ জন।

নিউজিলান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় আল নূর মসজিদ এবং লিনউড মসজিদে খ্রিষ্টান জঙ্গিদের হামলায় ৪৯ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

নিহতদের দুজন ড. মো. আবদুস সামাদ ও হোসনে আরা পারভীন বাংলাদেশি। এছাড়া ৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে লিপি ও মোতাত্তিমের অবস্থা আশঙ্কাজনক। রুবেল, ওমর ফারুক ও শাহজাদা আলী মারাত্মকভাবে আহত। এখনো নিখোঁজ মোজাম্মেল হক, জাকারিয়া ভুঁইয়া ও শাওন।

নিউজিল্যান্ড থেকে সরকারি তথ্য পাওয়ার পর হতাহতের সঠিক সংখ্যা জানা যাবে বলেও জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া। তিনি বলেছেন, নিখোঁজদের সব তথ্য ক্রাইস্টচার্চের পুলিশকে দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত বাংলাদেশিদের মরদেহ স্বজনরা দেশে আনতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার।

আগের সংবাদদুই এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির
পরবর্তি সংবাদঅত্যন্ত সংকটময় মুহূর্তে বিএনপি