
ফাতেহ ডেস্ক
নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়।
আজ শনিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।
এর আগে গতকাল শুক্রবারও ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমরা এ হামলার প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গতকাল শুক্রবার নিউজিলান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় আল নূর মসজিদ এবং লিনউড মসজিদে খ্রিষ্টান জঙ্গিদের হামলায় ৪৯ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নিহতদের দুজন ড. মো. আবদুস সামাদ ও হোসনে আরা পারভীন বাংলাদেশি। এছাড়া ৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে লিপি ও মোতাত্তিমের অবস্থা আশঙ্কাজনক। রুবেল, ওমর ফারুক ও শাহজাদা আলী মারাত্মকভাবে আহত। এখনো নিখোঁজ মোজাম্মেল হক, জাকারিয়া ভুঁইয়া ও শাওন।
নিউজিল্যান্ড থেকে সরকারি তথ্য পাওয়ার পর হতাহতের সঠিক সংখ্যা জানা যাবে বলেও জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া। তিনি বলেছেন, নিখোঁজদের সব তথ্য ক্রাইস্টচার্চের পুলিশকে দেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত বাংলাদেশিদের মরদেহ স্বজনরা দেশে আনতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার।
