
ফাতেহ ডেস্ক
গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে দুর্ঘটনার কবলে পরে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩১ জন। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে এই তথ্য জানানো হয়। মধ্য আফ্রিকার এ দেশের কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কানাঙ্গা কাসাইয়ের প্রধান শহর। এর থেকে ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা ইতিমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে, কারণ ট্রেনটির কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’
ট্রেনটি লাইনচ্যূত হয় লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর। বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
