চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ : অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে আট দশমিক এক তিন শতাংশ। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার এক লাখ ৬৫ হাজার কোটি টাকা। মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ ডলারে। সকালে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

গেল অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। আর মানুষের মাথাপিছু আয় ছিল এক হাজার ৭৫১ ডলার।

এবার জিডিপি প্রবৃদ্ধিতে রেকর্ড গড়বে বলে মনে করছেন অর্থমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপির আকার দাঁড়াবে ২৫ লাখ ৩৬ হাজার ১৭৭ কোটি টাকা। যা গেলবার ছিল ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকা। বেড়েছে মাথাপিছু আয়ও।

তিনি জানান, এবার বিনিয়োগ প্রবৃদ্ধি বেড়ে হবে ৩১ দশমিক ৫৭ শতাংশ। আর শিল্প খাতে ১৭ দশমিক ছয় এক শতাংশ। তবে কমেছে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধির পরিমাণ। কৃষি খাতে ৯.১৩ শতাংশ এবং সেবা খাতে ১২.১০ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে।

এসময় পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের এডিপি ধরা হয় এক লাখ ৭৩ হাজার কোটি টাকা। সংশোধনে এটি কমে এসেছে এক লাখ ৬৫ হাজার কোটি টাকায়। সংশোধিত এডিপির মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে এক লাখ ১৪ হাজার কোটি টাকা।

এদিকে, গত ৮ মাসে এডিপি বাস্তবায়নে গতবারের তুলনায় ৮ হাজার ৪০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।

আগের সংবাদইরাক যুদ্ধের ১৬ বছর, ‘সন্ত্রাস-বিরোধী’ যুদ্ধের সাম্প্রদায়িকীকরণ
পরবর্তি সংবাদকাদিয়ানিদের সঙ্গে আত্মীয়তা ও মেলামেশা না করার আহ্বান আল্লামা আহমদ শফীর