চীনে ১৩ হাজার মুসলিমকে সন্ত্রাসী বলে গ্রেফতার

ফাতেহ ডেস্ক

চীন দাবী করেছে, সন্ত্রাসবাদের অভিযোগে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার মুসলমানকে গ্রেফতার করেছে।

সন্ত্রাসবাদে জড়িত বলে সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে বলে সোমবার সরকারি শ্বেতপত্রে এ দাবি জানানো হয়েছে। মূলত জিনজিয়াং প্রদেশের অন্তর্ভুক্ত উইঘুর মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকেই এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

চীনের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর রাষ্ট্রীয় নির্যাতনের অভিযোগ করে থাকে পাশ্চাত্য ও মুসলিম বিশ্বের অনেক দেশ। জাতিসংঘের হিসাব মতে চীনের কারাগারগুলোতে উইঘুর ও অন্য মুসলিম সম্প্রদায়ের ১০ লাখেরও বেশি মানুষকে আটক রাখা হয়েছে। যদিও বেইজিং বলছে সন্ত্রাসবাদের ঝুঁকি হ্রাস করার জন্য এসব কারাগার ‘বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে পরিচালিত হয়ে থাকে।

শ্বেতপত্রে চীনা কর্তৃপক্ষ বলেছে, ২০১৪ সাল থেকে জিনজিয়াংয়ে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে ১ হাজার ৫৮৮টি অভিযান চালিয়েছে। গ্রেফতার করা হয়েছে ১২ হাজার ৯৯৫ জনকে। তাছাড়া জব্দ করা হয়েছে ২ হাজার ৫২টি বিস্ফোরক দ্রব্য। ৪ হাজার ৮৫৮ টি নিষিদ্ধ ধর্মীয় কার্যকলাপের জন্য ৩০ হাজার ৬৪৫ জনকে শাস্তি দেয়া হয়েছে। একইসঙ্গে ৩ লাখ ৪৫ হাজার ২২৯টি নিষিদ্ধ ধর্মীয় বস্তু জব্দ করেছে।

আগের সংবাদনিউজিল্যান্ডে মুসলিম গণহত্যার প্রতিবাদে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ
পরবর্তি সংবাদগোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত