পাকিস্তানের সঙ্গে ঝামেলা, বড় ধরনের ক্ষতির মুখে ভারত

ফাতেহ ডেস্ক

ভারতের জবর দখলে থাকা কাশ্মীরে বড় ধরনের আত্মঘাতী হামলার পর পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে বিমান হামলা চালিয়েছিল নয়া দিল্লি। এর জবাব দিতে প্রতিদ্বন্দ্বী ইসলামাবাদও ভারতে পাল্টা বিমান হামলা চালায়। এতে দু’দেশের মধ্যে যুদ্ধ এখনই বুঝি লেগে যাবে এমন অবস্থার তৈরি হয়।

বর্তমানে সেই উত্তেজনা কমে আসলেও নিজেদের আকাশপথ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রেখেছে পাকিস্তান। এর ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতের ‘এয়ার ইন্ডিয়া’। ইতোমধ্যেই প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমান কোম্পানিটি।

এয়ার ইন্ডিয়া বলছে, পাকিস্তানের আকাশ-নিষেধাজ্ঞার ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বিমান চলাচলে সমস্যাটা তৈরি হয়েছে। পশ্চিমা এসব দেশে যাবার ক্ষেত্রে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচও বাড়ছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও শিকাগোগামী বিমানগুলোকে গুজরাট হয়ে আরব সাগর পার হয়ে ভারতীয় বিমানকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। দূরগামী এসব বিমানকে জ্বালানি নিতে শারজা অথবা ভিয়েনায় অবতরণ করতে হচ্ছে। যা খুবই ব্যয়সাপেক্ষ।

ফলে পাকিস্তানের আকাশ-নিষেধাজ্ঞা বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। এয়ার ইন্ডিয়াই বলছে, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারার কারণে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির একটি বিবরণও প্রকাশ করেছে তারা।

এতে বলা হয়, জ্বালানির জন্য প্রত্যেকবার অবতরণ করতে গড়ে ৫০ লাখ টাকা করে খরচ হচ্ছে। এর ফলে গত ১৬ মার্চ থেকে এখন পর্যন্ত ৬০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া বিমানগুলো নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে।

আগের সংবাদনজরুল হত্যা মামলায় ১৫ জনের ফাঁসি
পরবর্তি সংবাদসুপ্রভাতের চাপায় নিহত আবরার : মেয়রের আশ্বাসে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত