
আন্তর্জাতিক ডেস্ক
মাথায় কাপড় পরায় অন্তঃসত্ত্বা এক মুসলিম নারীর ওপর হামলা করেছে ইসলাম-বিদ্বেষী এক জার্মান সন্ত্রাসী। নির্দয়ভাবে ঘুষি মেরেছে ওই নারীর পেটে। বুধবার জার্মানির রাজধানী বার্লিনের নিউকল্লিন রেল-স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।
ডেইলি সাবাহর খবরে বলা হয়, নিউকল্লির রেলস্টেশনের লাগোয়া রাস্তা দিয়ে হামলাকারী লোকটি কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় হিজাব পরায় দুই নারীকে নিয়ে সে পরিহাস করতে শুরু করে।
একপর্যায়ে তাদের একজনের পেটে আকস্মিকভাবে সে ঘুষি মারে। আক্রান্ত নারীটি অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে মেরে তাঁর সঙ্গের নারীর ওপরও হামলে পড়ে উন্মত্ত লোকটি। তারপর ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
হামলার শিকার হওয়া অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্লিনের পুলিশ এ ঘটনায় তদন্ত করছে বলে জানিয়েছে। কিন্তু এ পর্যন্ত হামলাকারীর পরিচয় উদ্ধার করতে পারেনি তারা।
সম্প্রতি জার্মানিতে মুসলিম ও অভিবাসীদের প্রতি বৈরী আচরণ বেড়েছে। গত বছরের আগস্টে উগ্রবর্ণবাদীদের মিছিলে আতঙ্কিত হয়ে উঠেছিল পূর্ব জার্মানি।
এতে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা অভিবাসীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ও নিষিদ্ধ হওয়া হিটলারের মতো স্যালুট দিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেবল ২০১৮ সালেই মুসলমান ও ইসলামিক ইনস্টিটিউটগুলোতে সাড়ে নয়শত হামলার ঘটনা ঘটেছে।
ইউরোপে দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনসংখ্যা জার্মানিতে।
