গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে ৩০ মার্চ ঐক্যফ্রন্টের মানববন্ধন

ফাতেহ ডেস্ক

আগামী ৩০ মার্চ রাজধানী ঢাকায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ ছাড়া একাদশ নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে এপ্রিল মাস থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সভা-সমাবেশ-গণশুনানির মতো কর্মসূচি করবে তারা।

শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

এর মধ্যে রয়েছে- ২৬ মার্চ সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৩১ মার্চ বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

গণমাধ্যমকে মান্না আরও বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরাপদ সড়ক, উপজেলা নির্বাচনে অব্যবস্থা, ডাকসু নির্বাচনে অব্যবস্থা তথা ভোট ছিনতাইসহ সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা, দেশের সীমাহীন অর্থনৈতিক বৈষ্যম বৃদ্ধিসহ সরকার লুটপাটের ব্যবস্থা কায়েম করেছে- এর প্রতিবাদ আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন করব।’

মান্না বলেন, ‘আমরা সারা দেশে এপ্রিল মাসে বিভাগীয় শহরগুলো কর্মী সমাবেশ, সমাবেশ অথবা গণশুনানি শুরু করব। এরপর আমরা জেলাগুলোতে যাব। সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেয়ার জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

আগের সংবাদযেভাবে হামলার শিকার হন আল্লামা তকি উসমানি
পরবর্তি সংবাদদুটি মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি