‘আল্লামা তকি উসমানির ওপর হামলায় আমরা বাকরুদ্ধ’

ফাতেহ ডেস্ক

মুসলিম বিশ্বের অন্যতম স্কলার আল্লামা তকি উসমানি দা. বা.-এর ওপর আততায়ীদের হামলার নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আরও পড়ুন : করাচিতে হামলার শিকার আল্লামা তকি উসমানি

আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শায়খুল ইসলাম আল্লামা তকি উসমানির ওপর আজ যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত। তাঁর ওপর এমন ন্যাক্কারজনক হামলায় আমরা বাকরুদ্ধ। আল্লাহর শোকর, হজরতের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এ হামলা পাকিস্তানে তাঁর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

আল্লামা তকি উসমানি কেবল পাকিস্তানের নয়, পুরো মুসলিম জাহানের অমূল্য রত্ন উল্লেখ করে মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, হামলাকারীরা ইতিপূর্বে তাঁকে হত্যার হুমকি দিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। হজরত এ ব্যাপারে পাকিস্তান প্রশাসনকে অবহিতও করেছিলেন। কিন্তু পাকিস্তান প্রশাসন হজরতকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

আল্লামা তকি উসমানির নিরাপত্তা-বিধানে পাকিস্তান প্রশাসনের প্রটোকল আরও জোরদার করার দাবি জানিয়ে মুফতি ফয়জুল্লাহ বলেন, আল্লামা তকি উসমানির কিছু হলে এর দায় পাকিস্তান সরকারকেই নিতে হবে। বিশ্ব মুসলিম তখন পাকিস্তান সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না।

আরও পড়ুন : যেভাবে হামলার শিকার হন আল্লামা তকি উসমানি

এ সময় মুফতি ফয়জুল্লাহ বাংলাদেশের নেতৃস্থানীয় হক্কানি ওলামায়ে কেরামের নিরাপত্তা-প্রসঙ্গে শঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধেও এমন একটি আততায়ী চক্র ষড়যন্ত্র পাকাচ্ছে। আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা, মিথ্যা অপবাদ আরোপ, অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা সংবাদ প্রচার, সামাজিক মাধ্যমগুলোতে উগ্র মন্তব্য করা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে হক্কানি এসব আলেমকে কাফের আখ্যা দিচ্ছে চক্রটি। কোনো কোনো আলেমকে নানাভাবে হুমকিও দিচ্ছে তারা।

ধর্মপ্রাণ মানুষকে এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল্লাহ প্রশাসনের কাছেও জোর দাবি জানান, কুচক্রি এ মহলের বিরুদ্ধে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

আগের সংবাদদুটি মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি
পরবর্তি সংবাদজামিয়া লালবাগের খতমে বুখারি ও পাগড়িপ্রদান অনুষ্ঠান সম্পন্ন