
ফাতেহ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান হাল একদলীয় শাসনব্যবস্থারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কবি আল মাহমুদের স্মরণসভায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন? ভিন্নমতকে সহ্য করতে পারে না বলেই তারা একদলীয় শাসনব্যবস্থা চায়।
তাদের সরাসরি উত্তর কোরিয়ার কিমের মতো বলা উচিত যে, আমি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।’
বিএনপি মহাসচিব আরও বলেন, যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না। বর্তমানে বিএনপি কঠিন সময় পার করছে। তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে মনে করছি।
