
ফাতেহ ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্ত করবে দেশটির সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়েল কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
তিনি বলেন, হামলার ঘটনাটি নিউজিল্যান্ডের ইতিহাসের কালো অধ্যায়, ফলে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়েল কমিশনই এর তদন্ত করবে। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেছেন বলে জানান জেসিন্ডা। ওই হামলা প্রতিরোধে কি করা উচিৎ ছিল তাও খাতিয়ে দেখবে রয়েল কমিশন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, এ ঘটনার তদন্ত রয়েল কমিশনে হওয়ার জন্য কেবিনেট রাজি হয়েছে। এখানে কিভাবে এই হামলা হলো তা নিয়ে সবার মনেই প্রশ্ন জেগেছে। সেইসাথে সেমি-অটোমেটিক অস্ত্রের সহজলভ্যতা এবং গোয়েন্দা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা এই হামলা প্রতিরোধে কী করতে পারতাম বা কী করা উচিৎ ছিল তাই মূলত দেখা হবে এই তদন্তে। এই হামলার ব্যপারে সতর্ক করতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো ধরনের তথ্য ছিল কিনা বা ঠিকমত কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।
এর আগে হামলার ঘটনার তদন্তের ব্যাপারে মন্ত্রিপরিষদের সদস্যরা একমত হলেও, কী ধরনের তদন্ত হবে তা নিয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি। ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদের অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারন্টের সন্ত্রাসী হামলায় নিহত হয় ৫০ জন।
