
ফাতেহ ডেস্ক
সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনের আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না জানাতে রুল দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে রুহুল আমিনকে স্থায়ী জামিন দেয়া সংক্রান্ত আগের রুল খারিজ করেছে হাইকোর্টের একই বেঞ্চ।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি কুদ্দুস জামানের বেঞ্চ গত ১৮ মার্চ সুবর্ণচরে ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনকে এক বছরের জামিন দেয়। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না.. তা জানতেও রুল দেয় আদালত। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে রাষ্ট্রপক্ষ আদেশটি স্থগিত চেয়ে আপিলের উদ্যোগ নেয়।
তবে জামিন দেয়ার দুইদিন পরেই গত শনিবার ছুটির দিনে হাইকোর্টের একই বেঞ্চ আগের আদেশ বাতিল করে। আর আসামির আইনজীবীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ।
বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয় একই বেঞ্চে। এ সময় আসামির আইনজীবী আশেক ই রসুল দাবি করেন, জামিনের হলফনামাকারী তাকে মিথ্যা তথ্য দিয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ওই আইনজীবীই রাষ্ট্রপক্ষ ও আদালতের কাছে তথ্য গোপন করেছেন।
শুনানি শেষে হাইকোর্ট আশেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না জানাতে চার সপ্তাহের রুল দেয়।
জাতীয় নির্বাচনে ভোট দেয়া কেন্দ্র করে সুবর্ণচরে এক গৃহবধূর সঙ্গে সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের সহযোগীদের কথা কাটাকাটি হয়। এরপর রাতে ওই গৃহবধূ নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় মামলার পর ২ জানুয়ারি গ্রেপ্তার হন রুহুল আমিন।
