টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নাইটগার্ড বরখাস্ত

ফাতেহ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাইটগার্ড কাম পিয়ন সবুজ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে পরিচালনা কমিটির সালিশি বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়- উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড কাম পিয়ন সবুজ সরকার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মোছা. সুলতানাকে স্কুলে একা পেয়ে শ্লীলতাহানি ও অশোভন আচরণ করে আসছিল। অন্য ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি একবার চোখে পড়ায় স্কুল ও এলাকায় জানাজানি হলে এলাকাবাসী এ ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেন।

ঘটনাটি উপজেলা শিক্ষা অফিস পর্যন্ত পৌঁছালে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা জানতে পারে। এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটি এক সালিশি বৈঠক আহ্বান করে।

বিষয়টি মেয়ের মুখে শুনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্কুলপরিচালনা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান।

এদিকে বৈঠক চলাকালীন সময়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধর্ষণের অভিযোগ তুলে তার বিচার দাবি করেন। অবস্থা বেগতিক দেখে প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত সবুজ সরকারকে সাময়িক বরখাস্ত করে বলে প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক জানান।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ঘটনার প্রাথমিক তদন্ত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সবুজকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত প্রতিবেদনের জন্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এলাকার মাতব্বর অবসরপ্রাপ্ত সার্জন আ. আজিজ ও ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত সবুজ সরকার লম্পট, অনৈতিক চরিত্রের অধিকারী। ইতোপূর্বে তার প্রতারণার কারণে একটি মেয়ে আত্মহত্যা করেছে। তার প্রথম স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়েছে। বর্তমান স্ত্রীকেও নির্যাতনের অভিযোগ আছে। এলাকাবাসী সকলে তার উপযুক্ত বিচার চান।

আগের সংবাদচাঁদাবাজির বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি
পরবর্তি সংবাদহাইয়াতুল উলইয়ার পরীক্ষার্থীদের মধ্যে বাড়ছে গাইড-নির্ভরতা