সোমবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা

ফাতেহ ডেস্ক

আগামীকাল সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ই মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা ৬ মে শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে, পয়লা এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এবার সারা দেশে ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম এ ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং ডিআইবিএসে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে আসন নিশ্চিত করতে হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপস্থিতিতে, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলতে হবে।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে, প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে যাবে কাগজের খামের পরিবর্তে বিশেষ এ্যালুমিনিয়ামের ফয়েল খামে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ মনিটরের আওতায় থাকবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের মোবাইল ফোন, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, গত বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৪৮ জন আর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ১১৮টি এবং পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৩৮টি। এবার ২ হাজার ৫৭৯ টি কেন্দ্রে ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।

আগের সংবাদযেখানে-সেখানে কল-কারখানা গড়ে তোলা যাবে না
পরবর্তি সংবাদ১০৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে