
ফাতেহ ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচরে আবারো এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ ও আবুল বাশার নামে দুজনকে দুপুরে আটক করেছে পুলিশ।
ওই গৃহবধূর অভিযোগ, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন বাবরকে ভোট দেয়ায় তাকে ও তার স্বামীকে হুমকি দেয় বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরীর সমর্থকেরা। এরপর রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের থামায় ১০-১২ জন। পাশের একটি মৎস্য খামারে স্বামীকে আটকে মারধর ও তাকে ধর্ষণ করা হয়।
স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। দুজনেরই শরীরে আঘাতের চিহ্নের কথা জানিয়েছেন চিকিৎসক। ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে, কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা।
