
ফাতেহ ডেস্ক
পোশাক কারখানার মতো রাজধানীর বহুতল ভবনেও অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। গুলশান ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। ভবন নির্মাণে অনিয়ম চোখে পড়লে সিটি করপোরেশনকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
অগ্নিঝুঁকিতে রাজধানী, সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজনে এই মিট দ্য প্রেসে মেয়র বলেন, ভবনে অগ্নিনিরাপত্তা তদারকিতে শনিবার থেকে উত্তর ঢাকায় মাঠে নামবে সিটি করপোরেশনের ১০টি টিম।
আবাসিক ভবনের পাশাপাশি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর প্রায় সব অবকাঠামোয় অগ্নিঝুঁকি নিয়ে উদ্বেগ জানান মেয়র। এ বিষয়ে তথ্য পেতে নগরবাসীর সহযোগিতা চান তিনি।
নগরীর সমস্যা নিয়ে সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ বাক্স রাখা এবং একটি হটলাইন চালুর পরিকল্পনা জানা মেয়র আতিকুল। এছাড়া শিগগিরই একটি নগর অ্যাপ চালুর ঘোষণা দেন তিনি।
