
ফাতেহ ডেস্ক
সমকামিতা, ডাকাতি ও ব্যাভিচার বা অনুরুপ অপরাধ বন্ধে দক্ষিণ এশিয়ার রাজতান্ত্রিক মুসলিম দেশ ব্রুনাইয়ে মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ ও হাত কাটার মতো কঠিন শাস্তির বিধান করা হয়েছে।
দেশটির বর্তমান পেনালকোডে পরিবর্তন এনে বুধবার (০৩ এপ্রিল) এ সংক্রান্ত বিধিমালা জারি করেছে ব্রুনাই কর্তৃপক্ষ। নতুন এ আইন নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।
নতুন আইন অনুযায়ী, ধর্ষণ, ব্যাভিচার, পুরুষের সমকামিতা, ডাকাতি ও মোহাম্মদ (সো.)কে অবমাননা করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আর নারী সমকামীদের জন্য ৪০টি বেত্রাঘাত বা ১০ বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে।
ধর্ষণ, ব্যাভিচার ও পুরুষের সমকামিতার অপরাধের জন্য পাথর নিক্ষেপ করে হত্যা এবং ডাকাতির জন্য হাত বা পা কর্তনের বিধান করা হয়েছে।
দেশটির এ সিদ্ধান্ত ঘোষণার পরপরই এর সমালোচনা করে বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তারা ব্রুনাইকে জাতিসংঘের কনভেনশন অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
এদিকে ব্রুনাইয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছে বিভিন্ন ব্যক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠান। এর মধ্যে হলিউড তারকারাও রয়েছেন।
হলিউড তারকা জর্জ ক্লনি ব্রুনাই সুলতানের হোটেল বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইটালিতে ব্রুনাই সুলতানের হোটেলের তালিকা প্রকাশ করে সেগুলো বর্জনের ডাক দেন।
উল্লেখ্য, ব্রুনাইয়ে ২০১৪ সালে প্রথম ইসলামিক ক্রিমিনাল ল’ চালু হয়। মোট চার ধানে দেশটি শরিয়াহ আইন বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। বুধবার তার তৃতীয় ধাপ কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে।
সূত্র: বিবিসি ও ডেইলি মেইল।
