
ফাতেহ ডেস্ক
ইরানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। এ ঘটনায় তেল সমৃদ্ধ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানের ৭০ টি গ্রাম পরিত্যাক্ত ঘোষণা করেছে দেশটির সরকার।
মঙ্গলবার ইরানের প্রাদেশিক গভর্নর জানান, পরিত্যাক্ত গ্রামগুলো দেজ ও কাখরে নদী সংলগ্ন। বন্যায় এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী।
দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৩টি প্রদেশেই আকস্মিক এ বন্যায় প্লাবিত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ইতোমধ্যেই জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।
