‘গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে’

ফাতেহ ডেস্ক

গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মনিসিংহ হলে কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে তিনি এ কথা বলেন। চক্রান্তকারীদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আমরা অবশ্যই একটি অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলবো। একটা পাথর আমাদের বুকে চেপে বসে আছে। এই যে একটা দানব এসে গেছে, এই দানবকে সরিয়ে দিতে সক্ষম হবো; গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী-মাতা-দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এটাই হবে আমাদের সবচেয়ে বড় কাজ।’

এ সময় খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল। অসুস্থ খালেদা জিয়ার যথাযথ চিকিৎসাব্যবস্থা সরকার নিশ্চিত করছে না অভিযোগ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাঁকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি হাঁটতে পারেন না, ঠিকমতো খেতে পারছেন না। তারপরও তাঁকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়নি। শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে সরকার।’

বর্তমান সরকারকে অবৈধ বলে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, ‘১/১১’র চক্রান্তকারীদের সঙ্গে আপস করে অবৈধ সরকার ক্ষমতায় আছে।’

বিএনপি মহাসচিব তাঁর দলের নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ তুলে বলেন, নির্বাচনের আগে যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলাম তখন তিনি আমাদের বলেছিলেন আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, সেগুলোর তালিকা দিতে। তারপর সে মামলার তালিকা ধরে আমাদের নেতাকর্মীদেরকে আরও বেশি গ্রেপ্তার করা হলো। এই হলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আশ্বাস।

বাংলাদেশের রাজনীতিকে কবর দেয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন আর কোনো রাজনীতি নেই। প্রধানমন্ত্রী গতকালও বলেছেন, ‘বিএনপির বিরুদ্ধে কোন মামলাই মিথ্যা নয়। আজকে সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’

আগের সংবাদআল্লামা শাহ আহমদ শফী : যেভাবে হয়ে উঠেছেন নিযুত মানুষের নেতা
পরবর্তি সংবাদপরীক্ষাকেন্দ্রে মাদরাসাছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন