
ফাতেহ ডেস্ক
চামড়া, পাট ও হোম টেক্সটাইল বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাতের অন্যতম তিনটি খাত। তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি থাকলেও প্রধানতম এ তিন খাত খাত ঘুরে দাঁড়াতে পারছে না। ধারাবাহিকভাবে কমছে এ তিন খাতের রপ্তানি। ফলে চলতি অর্থবছরের প্রথম ৯ মাস শেষে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি কমে ১২ দশমিক ৫৭ শতাংশে নেমেছে। অথচ ৬ মাস শেষে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৬৫ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৭৭ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ কম।
চলতি অর্থবছরে প্রথম ৯ মাসে ৬২ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ২৩ শতাংশ কম। এ ছাড়া ৬৪ কোটি ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৩৬ শতাংশ কম।
উল্লেখ্য চামড়া ব্যবসার মূল উৎস কুরবানির পশু। কুরবানির পশুর চামড়া গরিব-মিসকিনের হক। কয়েক বছর ধরে বাড়তি মুনাফা লাভের জন্য বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চামড়া-ব্যবসায়ীরা কুরবানির পশুর কাঁচা চামড়ার দাম কমিয়ে রাখেন। যার ফলে নামমাত্র মূল্যে বিক্রি হয় এসব চামড়া আর বঞ্চিত হন দেশের গরিব-মিসকিনেরা।
